প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিজয় র্যালি, আলোচনা সভা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ‘জুলাই ঐক্য’ বকশীগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ আল আমিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল। গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী ও নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সংগ্রাম। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবাধিকারসম্মত বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার ঐক্য অটুট রাখার পাশাপাশি যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪